পাকিস্তানের সঙ্গে ২০২৫ সালের মে মাসে সংঘটিত চার দিনের সংঘাতের সময় পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এ নিহত ভারতীয় সেনাসদস্যদের তথ্য গোপন করার অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে। এ অভিযোগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পদত্যাগ দাবি করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছে দলটি।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন সিঁদুর’-এ হতাহতের তথ্য নিয়ে সংসদকে বিভ্রান্ত করার অভিযোগ তুলে কংগ্রেস এই দাবি জানিয়েছে।
মোদি সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ওই সংঘাতে ভারতীয় সেনাবাহিনীর পাঁচজন এবং ভারতীয় বিমানবাহিনীর একজন সদস্যসহ মোট ছয়জন সেনাসদস্য নিহত হন।
এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের সেনাসদস্যবিষয়ক বিভাগের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল রোহিত চৌধুরী এবং অবসরপ্রাপ্ত উইং কমান্ডার অনূমা আচার্য অভিযোগ করেন, নিহত সেনাসদস্যদের মৃত্যুর তথ্য গোপন করে সরকার তাদের প্রাপ্য রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মান থেকে বঞ্চিত করেছে।
অনূমা আচার্য বলেন, অতীতের সরকারগুলো দায়িত্ব পালনকালে নিহত প্রতিটি সেনাসদস্যকে প্রকাশ্যে সম্মান জানিয়েছে। কিন্তু বর্তমান সরকার সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। তার ভাষায়, ‘মোদি সরকার সেনাবাহিনী ও সেনাসদস্যদের রাজনৈতিকভাবে ব্যবহার করছে। তারা বারবার দেশ ও সেনাসদস্যদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’
অবসরপ্রাপ্ত কর্নেল রোহিত চৌধুরী অভিযোগ করেন, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নির্বাচনের সময় সেনাবাহিনীর নাম ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে।
তিনি বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদে বলেছিলেন, কোনো সেনাসদস্য নিহত হননি। তখন বিজেপির সংসদ সদস্যরা হাততালি দিয়েছিলেন। রাজনাথ সিং দেশের সেনাবাহিনী ও সেনাসদস্যদের অপমান করেছেন। আমরা তার পদত্যাগ দাবি করছি।’
এ সময় তিনি প্রশ্ন তোলেন, নিহত সেনাসদস্যদের নাম প্রকাশ করতে সরকারের ১৩ মাস সময় লাগল কেন। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে সংসদে বিশেষ অধিকার লঙ্ঘনের অভিযোগ আনার জন্য দলীয় নেতৃত্বকে অনুরোধ জানানো হবে বলেও জানান তিনি।
