parbattanews

অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্ত শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক বিএসএফ সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ। তিনি ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য।

বিজিবি জানায়, শনিবার (২১ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ডাংগাপাড়া নামক স্থানে সীমান্ত পিলার ডিএএমপি ১/৭-এস-এর কাছে ওই বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে প্রায় ৫০ থেকে ১০০ গজ বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন।

এ সময় নিয়মিত টহলে থাকা বিজিবির একটি দল তাকে আটক করে। ৫১ বিজিবি ব্যাটালিয়ন প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

জিজ্ঞাসাবাদে বিএসএফ সদস্য জানান, গরু চোরাকারবারিদের পিছু নিতে গিয়ে ঘন কুয়াশার কারণে পথভ্রষ্ট হয়ে ভুলবশত বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েন।

বিজিবি জানায়, আটককৃত বিএসএফ সদস্যকে তার ব্যক্তিগত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামসহ আঙ্গরপোতা বিওপিতে হেফাজতে রাখা হয়েছে।

ঘটনার বিষয়ে বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে এবং আটক সদস্যের পরিচয় নিশ্চিত করেছে বলে জানায় বিজিবি। একই সঙ্গে তাকে ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিজিবি আরও জানায়, বাংলাদেশ–ভারত যৌথ সীমান্ত চুক্তি ১৯৭৫ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বিষয়টি নিষ্পত্তির জন্য ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

উৎস : দেশ রূপান্তর

Exit mobile version