parbattanews

আড়াইহাজারে ককটেল, পেট্রোল বোমাসহ গ্রেপ্তার ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আসামিদের কাছ থেকে ককটেল, পেট্রোল ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে একথা জানায় পুলিশ।

গ্রেপ্তাররা হলেন— কাঁঠালিয়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি মোসা. বীনা আক্তার (৫৬), আমিনুল ইসলাম (২০), আপন (১৯), অনিক (১৯), নিলয় (১৯), নাজমুল (১৯), ইয়ামিন ইসলাম (২০), সালমান (১৯)।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাঁঠালিয়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি মোসা. বীনা আক্তারের নেতৃত্বে গ্রেপ্তারকৃতরা পেট্রোল, ককটেল, টায়ার, গ্যাসলাইট ও লাঠিসোঁটাসহ একত্রিত হয়ে রাষ্ট্র ও সরকারি প্রতিষ্ঠানের সম্পত্তি ক্ষতি করে অন্তর্ঘাতী কর্মকাণ্ড করার ষড়যন্ত্র ও পরিকল্পনা করেন। তারা বর্তমান সরকারকে উৎখাত করে রাষ্ট্রের অখণ্ডতা ও নিরাপত্তা এবং সার্বভৌমত্ব বিঘ্নিত করার লক্ষ্যে রাস্তা অবরোধ করে ককটেল বিষ্ফোরণ করেন।

তিনি আরও বলেন, তারা সবাই একত্রিত হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঝটিকা মিছিল ও গাড়িতে অগ্নিসংযোগ করার জন্য হাতে বোতল ভর্তি পেট্রোল নিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে বীনা আক্তারের বিরুদ্ধে নরসিংদী জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের তিনটি হত্যা মামলা রয়েছে।

Exit mobile version