আন্তর্জাতিক প্রটোকল মেনেই জুলাই শহীদদের মরদেহ তোলা হবে : সিআইডি প্রধান


আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে অজ্ঞাতপরিচয় জুলাই শহীদদের মরদেহ তোলা এবং ডিএনএ স্যাম্পল নেয়া হবে বলে জানিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।
রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজারে জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাত শহীদদের মরদেহ শনাক্তের কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।
সিআইডি প্রধান বলেন, আজ থেকে নিহতদের পরিচয় শনাক্তের কার্যক্রম শুরু হবে।তবে এই প্রক্রিয়ায় কত সময় লাগবে তা এখনও বলা যাচ্ছে না। এই কবরস্থানে ১১৪ বেশি মরদেহ রয়েছে বলে ধারণা করছি। ডিএনএ প্রোফাইলিংয়ের পর কারও পরিচয় শনাক্ত হলে পরিবার চাইলে মরদেহ হস্তান্তর করা হবে।
মো. ছিবগাত উল্লাহ বলেন, আনাসের মতো যারা বুকের রক্ত ঢেলে দেশের জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। এই কবরস্থানে যারা নাম-পরিচয়হীন অবস্থায় শুয়ে আছেন, তাদের পরিচয় তখন যাচাই-বাছাই করা হয়নি। তাদের পরিচয় উদঘাটন করা জাতির কাছে আমাদের একটি দায়িত্ব। আজ সেই মহান কাজের সূচনা হলো।

















