আলীকদমে অবৈধ ইটভাটা, প্রকাশ্যে ধ্বংস হচ্ছে পাহাড়-প্রকৃতি

fec-image

বান্দরবানের আলীকদম উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা এফবিএম নামে ইটভাটা এখন প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের এক নির্মম যন্ত্রে পরিণত হয়েছে। পাহাড় কেটে মাটি লুট, বন উজাড় এবং বিষাক্ত ধোঁয়ায় আকাশ ঢেকে দিয়ে এই ইটভাটা প্রকাশ্যেই হত্যা করছে পাহাড়, বন ও জীববৈচিত্র্য। পরিবেশ সংরক্ষণ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনের পর দিন চলছে এই তাণ্ডব, আর সবকিছু জেনেও অদ্ভুত নীরবতায় প্রশাসন।

আলীকদমে এফবিএম অবৈধ ইটভাটায় দিনের আলোয় পাহাড় কেটে, বন উজাড় করে এবং বিষাক্ত ধোঁয়ায় প্রকৃতি ধ্বংস করলেও প্রশাসনের আইন যেন প্রশ্নবিদ্ধ। পরিবেশ ধ্বংস এখানে কোনো গোপন ঘটনা নয়—সবকিছু প্রকাশ্যে ঘটছে। তবুও প্রশাসনের নিষ্ক্রিয়তা স্থানীয়দের চোখে সরাসরি দায়িত্বহীনতা, এমনকি অপরাধে নীরব সমর্থনের শামিল।

স্থানীয়দের অভিযোগ, “যদি প্রশাসন চাইত, একদিনেই ভাটাগুলো বন্ধ করা যেত। কিন্তু তারা চায় না।” রাতের আঁধারে ট্রাকভর্তি মাটি সরিয়ে নেওয়া, দিনের বেলা কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যাওয়া—সবই যেন প্রশাসনের চোখের সামনেই ঘটছে।

আলীকদম আলীবাজার গহীনের এফবিএম মালিক শওকত তালুকদারের ইটভাটায় পোড়ানো হচ্ছে বনাঞ্চলের কাঠ। আর ইটভাটায় পাহাড় ঘেঁষে মজুদ করে রাখা হয়েছে কয়েক লাখ ঘনফুট বনাঞ্চলের কাঠ। বর্তমানে এই ইটভাটা থেকে পাঁচ লাখ রাউন্ড পোড়ানো ইট বের করা হয়েছে, পরে আরও রাউন্ড ইট পোড়ানোর জন্য প্রস্তুত রেখেছেন তিনি।

সরেজমিনে দেখা গেছে, আলীকদম-থানচি সড়কের আলীবাজার এলাকায় এফবিএম অবৈধ ইটভাটা। সেখানে ১৪ বছরের নিচে শিশুরা ইট তৈরি করছে। তবে ২০০৬ (সংশোধিত ২০১৩, ২০১৮) আইনে বলা হয়েছে—শিশুশ্রম পুরোপুরি আইনগতভাবে নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। কিন্তু সেই আইন না মেনে সেসব শিশুদের দিয়ে চলছে ইট তৈরির কাজ।

আলীবাজারের বাসিন্দা ছৈয়দ বলেন, এসব ইটভাটার কারণে রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে। টমটম চালানো যাচ্ছে না, আর ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে যাচ্ছে মানুষ। লোক দেখানো অভিযান না চালিয়ে এসব ইটভাটা ভেঙে গুড়িয়ে বন্ধ করা দরকার।

এফবিএম ইটভাটার ম্যানেজার মো. হারুন বলেন, যেসব সাংবাদিকরা ইটভাটায় আসে তারা টাকার জন্য আসে। তিনি সাংবাদিকদের বিকাশ নম্বর দিতে বলেও প্রলোভন দেখান।

এ বিষয়ে জেলা প্রশাসক শামিম আরা রিনি বলেন, বান্দরবানে কোনো ইটভাটার অনুমতি নেই। অবৈধভাবে কেউ ইটভাটা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলীকদম, ইটভাটা, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন