আলীকদমে ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন অনুষ্ঠিত

fec-image

বান্দরবানের আলীকদমে কুরুকপাতা-পোয়ামুহুরী সীমান্ত সড়কে অনুষ্ঠিত হয়েছে ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রাঃ এডিশন–৩ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।

শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ৫২ কিলোমিটার এবং ২৫ কিলোমিটার – দুই ক্যাটাগরিতে অংশ নেন প্রায় ৪৫০ প্রতিযোগী। আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে যাত্রা শুরু করে প্রতিযোগীরা কুরুকপাতা পর্যন্ত দৌড়ে আবার শুরুর পয়েন্টে ফিরে আসেন।

‘ফর ওয়াইল্ডলাইফ, ফর আর্থ’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত এবারের ইভেন্টের লক্ষ্য ছিল বনাঞ্চলের বিপন্ন প্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি। সম্পূর্ণ দাতব্য এই আয়োজন থেকে প্রাপ্ত উদ্বৃত্ত অর্থ ব্যয় করা হবে বান্দরবানের বিভিন্ন বিদ্যালয়ে আদিবাসী শিশুদের শিক্ষাখাতে। এর আগে ২০২৩ সালে আলীকদম ডিম পাহাড় সড়ক এবং ২০২৪ সালে বান্দরবান চিম্বুক সড়কে অনুষ্ঠিত হয়েছিল ভার্টিক্যাল ড্রিমার্সের অন্য দুটি দৌড়। ৫২ কিলোমিটার আল্ট্রা ম্যারাথনের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মো. সাজ্জাদ হোসাইন।

নারী বিভাগে প্রথম হয়েছেন সিফাত ফাহমিদা ইতি এবং জ্যেষ্ঠ বিভাগে চ্যাম্পিয়ন মো. আমিনুর রহমান। ২৫ কিলোমিটার ক্যাটাগরিতে পুরুষ বিভাগে প্রথম আবদুল্লাহ আল নোমান, নারী বিভাগে সৈয়দা ফাতেমি ওয়ারদা এবং জ্যেষ্ঠ বিভাগে মো. আবদূর রব। শেষ সীমারেখা অতিক্রমের আনন্দে দৌড়বিদদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস ও তৃপ্তি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম সেনানিবাসের জোন কমান্ডার লে. কর্নেল মো. আশিকুর রহমান। তিনি বলেন, ‘‘সারা দেশে দীর্ঘ দূরত্বের দৌড় প্রতিযোগিতা এখন স্বাস্থ্যসচেতন মানুষের নীরব বিপ্লব। পাহাড়ি এলাকায় এত দৌড়বিদের অংশগ্রহণ সত্যিই অভূতপূর্ব।’’

রেস ডিরেক্টর ফরহান জামান বলেন, ‘‘প্রতি বছর নতুন কোনো চ্যালেঞ্জিং রুটে দৌড় আয়োজনের চেষ্টা করি। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে আমরা নিয়মিত এমন আয়োজন চালিয়ে যেতে চাই।’’

ইভেন্টটির পৃষ্ঠপোষকতায় ছিল লিবারেল ফ্যাশন অ্যান্ড প্যাকেজিং, কালার ড্রপ, ট্রাভেল প্রো এবং কিচেন এক্সপার্ট। সার্বিক সহায়তায় ছিল আলীকদম সেনানিবাস, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, উপজেলা প্রশাসন এবং আলীকদম থানা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলীকদম, বান্দবান, ম্যারাথন দৌড়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন