parbattanews

আলীকদম উপজেলায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ অভিযান

বান্দরবানের আলীকদম উপজেলায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে আলীকদম বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব ও বান্দরবান পৌরসভার সাবেক মেয়র জাবেদ রেজা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাবেদ রেজা বলেন, “প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব, কিন্তু দলের দুঃসময়ে কোনো নেতাকর্মীকে ছেড়ে যাব না। দুঃসময়ের নেতাকর্মীরাই দলের শক্তি ছিল। দুঃসময়ের কোনো নেতাকর্মী যাতে অবমূল্যায়ন না হয়।

তিনি বীর বাহাদুরকে উদ্দেশ্য করে বলেন, “ওরা ভয় পেত, মুখ খুললে তারা বিবস্ত্র হয়ে যাবে ও নির্বাচনে পরাজিত হবে। সেই আশংকায় জনগণের কাছ থেকে দূরে রাখতে মামলার পর মামলা দিয়ে ঘরে-বাইরে চাপ সৃষ্টি করেছিল। কিন্তু পারেনি দমাতে।”

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, বিএনপি নেতা আইয়ুব খান, আলীকদম উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য মাসুক আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, মনসুর আহমেদ, নাইক্ষ্যংছড়ি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদুর প্রমুখ উপস্থিত ছিলেন।

দলীয় কর্মসূচিতে যোগ দিতে ৪টি ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে আসেন। পরে জেলা বিএনপির সদস্য সচিবের নেতৃত্বে ব্যানার-ফেস্টুন নিয়ে বিশাল মিছিল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বাজারের সভাস্থলে আসেন ।

Exit mobile version