মন্ত্রীসভার খসড়ায় অনুমোদন

আসামে দ্বিতীয় বিয়ে করলেই সাত বছর জেল

fec-image

বহুবিবাহ প্রতিরোধে ভারতের আসাম রাজ্য সরকার নতুন আইন ‘দ্য আসাম প্রোহিবিশন অফ পলিগ্যামি বিল, ২০২৫’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত আইনের বিলটি পাস হলেই বহুবিবাহকে অপরাধ হিসেবে গণ্য করা হবে।

রবিবার (৯ নভেম্বর) আসামের মন্ত্রিসভা বিলটির খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ২৫ নভেম্বর অধিবেশনেই উপস্থাপন করা হবে এই ‘আসাম বহুবিবাহ নিষিদ্ধ বিল, ২০২৫’।

বহুবিবাহ নিষিদ্ধ নতুন আইন নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, বিলটি পাস হলে বহুবিবাহকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। গণমাধ্যমকে তিনি বলেন, ‘এ বিল পাস হওয়ার পর আসামে কেউ দ্বিতীয় বা তৃতীয়বার বিয়ে করলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। অভিযোগ প্রমাণিত হলে সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে। এ আইনে গ্রেপ্তার হলে সঙ্গে সঙ্গে জামিন পাওয়ার সুযোগও থাকবে না।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, বিলটির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে— বহুবিবাহের শিকার নারীদের আর্থিক সহায়তার জন্য বিশেষ তহবিল গঠন করা। তিনি ব্যাখ্যা করেন, ‘দ্বিতীয় বিয়ে করার কারণে স্বামী জেলে গেলে ভুক্তভোগী নারীর কী হবে? অনেক সময় দেখা যায়, দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রীকে ঘর থেকে বের করে দেওয়া হয়। আমাদের লক্ষ্য—কোনও নারী যাতে আর্থিক বা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত না হন। তাই ক্ষতিপূরণের জন্য আলাদা তহবিল গঠন করা হবে।’

তবে প্রস্তাবিত নতুন এই আইনের আওতার বাইরে থাকবেন উপজাতি জনগোষ্ঠী। আসাম সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, উপজাতিদের নিজস্ব সামাজিক প্রথা ও আইন অনুসারে ষষ্ঠ তফসিলভুক্ত এলাকা, বিটিসি, কার্বিআংলং ও ডিমা হাসাও জেলায় এই আইন কার্যকর হবে না।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক, আসাম, বহুবিবাহ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন