ইউপিডিএফ পাহাড়ের জনগোষ্ঠীকে কোনঠাসা করে রেখেছে : রিজিয়ন কমান্ডার


রাঙ্গামাটির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেছেন, পাহাড়ের সাধারণ মানুষ পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয়, তাদেরকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফ সাধারণ মানুষকে জিম্মি করে রাষ্ট্রের প্রতিটি সুযোগ–সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে।
তিনি বলেন, শিক্ষা, চিকিৎসা, রাস্তা–ঘাট, ব্রিজ–কালভার্টসহ সব উন্নয়ন কাজে লাগামহীন চাঁদাবাজির মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করছে। পদে পদে বাধা সৃষ্টি করে পাহাড়ের জনগোষ্ঠীকে কোনঠাসা করে রেখেছে। আর নয়—এবার এসব সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। সন্ত্রাসের আখড়া স্বমূল থেকে উৎপাটন করা হবে।
রবিবার (৭ ডিসেম্বর) কাউখালীর চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র, ছাত্র–ছাত্রীদের মাঝে খেলাধুলার সামগ্রী, নগদ অর্থ বিতরণ ও ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদরের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি; স্থানীয় ইউপি চেয়ারম্যান; হেডম্যান–কার্বারী প্রতিষ্ঠানসমূহের প্রধান শিক্ষক; শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার ঘাগড়া ইউনিয়নের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং দুইটি স্কুল ও একটি আবাসিক হোস্টেলের ছাত্র–ছাত্রীদের মাঝে বিভিন্ন খেলাধুলার সামগ্রী ও নগদ দশ হাজার টাকার চেক প্রদান করেন। পরে তিনি রিজিয়ন আয়োজিত ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।
সকাল ১০টা থেকে রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ শুরু হয়। ইউপিডিএফের বাধা উপেক্ষা করে অনেক নারী–পুরুষ ও শিশু সেনাবাহিনীর বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিতে আসে এবং ওষুধ গ্রহণ করে। কিন্তু চিকিৎসা নিতে আসা শত শত নারী–পুরুষকে ইউপিডিএফ পথে–পথে বাধা সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন অনেক ভুক্তভোগী।
তারা জানান, চিকিৎসার মতো একটি নিরীহ অনুষ্ঠানে বাধা দেওয়া অন্যায়। এতে অনেক অসুস্থ মানুষ ফ্রি চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে।

















