ইনশাআল্লাহ ২৫ ডিসেম্বর দেশে ফিরবো: তারেক রহমান


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানিয়েছেন। মঙ্গলবার লন্ডনে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি নিজেই এই ঘোষণা দেন।
একই সঙ্গে তিনি দেশে ফেরার দিন লন্ডনের বিমানবন্দরে তাকে বিদায় জানাতে দলীয় নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ জানান। তারেক রহমান বলেন, বিমানবন্দরে ভিড় হলে অপ্রয়োজনীয় হট্টগোল সৃষ্টি হতে পারে, যা যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি এবং দলের ভাবমূর্তির জন্য নেতিবাচক হতে পারে।
লন্ডনে বাংলাদেশ সময় বুধবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে অনুষ্ঠিত সভায় তারেক রহমান আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘দুমাস পর দেশে বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা যেমন বিএনপির দায়িত্ব, তেমনি দেশের মানুষের সামনে একটি সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরাও তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।’
তারেক রহমান বলেন, ‘আমি কোনও স্বপ্নের মধ্যে নেই, আমি আছি পরিকল্পনার মধ্যে।’
তিনি বলেন, ‘খাদ্যের কিনারা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া দেশকে উদ্ধার করেছিলেন। বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে, আগামী নির্বাচনে দেশের মানুষের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হবে দলটি।’ তবে সামনে পথ অত্যন্ত কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, ‘সামনের পথ অসম্ভব কঠিন। কঠিন পথ পাড়ি দিতে হবে। অনেকে সুন্দর কথা সুন্দর বলতে পারবেন কিন্তু আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে, যদি কঠিন পথ পাড়ি দিতে চাই।’
কয়েকটি পরিকল্পনার কথা তুলে ধরার জন্য এসময় তিনি উপস্থিতির উদ্দেশে বলেন, ‘আমি কি কিছু সময় পাবো?’ উপস্থিত অনেকে ‘সারা রাত’ বললে তারেক রহমান যোগ করেন, ‘সারা রাত পারবো না ভাই। সকালে কাম আছে, আপনাদেরও কাম আছে।’
এরপর তারেক রহমান ৩১ দফার বিষয়ে আলোচনা শুরু করেন। নির্বাচনি পরিকল্পনার অংশ হিসেবে ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘দেশের অসচ্ছল পরিবারের জন্য মাইক্রোচিপ সংযুক্ত ফ্যামিলি কার্ড চালু করা হবে, যা পরিবারের গৃহকর্ত্রীদের হাতে দেওয়া হবে। কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান করা হবে।’ শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং ভবিষ্যতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

















