parbattanews

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টার সঙ্গে ঢাকায় সাংবাদিকদের মতবিনিময়

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. সাইয়্যেদ মাহদী আলীযাদেহ মুসাভী’র সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল ফার্স- এ আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, গবেষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইরানের কোম নগরীর ইসলামিক সেমিনারীর শিক্ষক ও গবেষক সাইয়্যেদ মোস্তফা মুসাভী এবং ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের সিনিয়র নির্বাহী কর্মকর্তা কাসেম শাবানকারী।

অনুষ্ঠানে বক্তারা অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি জোরদারে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, পবিত্র কুরআনের শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং ইসলামী আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত ইরানের ইসলামী বিপ্লব নানা আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা ও প্রতিকূলতা মোকাবিলা করেও দৃঢ়তার সঙ্গে এগিয়ে চলেছে এবং বিশ্বের বিভিন্ন দেশে ইসলামের প্রকৃত শিক্ষা ও মানবিক মূল্যবোধের বার্তা পৌঁছে দিচ্ছে।

বক্তারা আরও বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর মধ্যে পারস্পরিক সহযোগিতা, সংলাপ এবং ঐক্যের বিকল্প নেই। গণমাধ্যম সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও তারা উল্লেখ করেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা বিভিন্ন সমসাময়িক আন্তর্জাতিক বিষয়, মুসলিম বিশ্বের চ্যালেঞ্জ এবং বাংলাদেশ-ইরানের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সহযোগিতা নিয়ে প্রশ্ন করেন। উপদেষ্টা ড. সাইয়্যেদ মাহদী আলীযাদেহ মুসাভী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এবং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক মতবিনিময় অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Exit mobile version