parbattanews

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়ছে আরও ৬০ দিন

ছবি সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি আরও ৬০ দিন বাড়ানো এবং দীর্ঘমেয়াদে সংঘাতের স্থায়ী অবসান নিয়ে আলোচনার লক্ষ্যে একটি প্রাথমিক সমঝোতা স্মারকে পৌঁছেছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৮ মে) প্রকাশিত আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সমঝোতাটি কার্যকর করতে এখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। চুক্তিটি বাস্তবায়িত হলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্থবির হয়ে পড়া কূটনৈতিক প্রচেষ্টায় তা বড় ধরনের অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।

মার্কিন সূত্রগুলোর বরাতে প্রতিবেদনে জানানো হয়, সমঝোতার বিস্তারিত শর্ত এখনো পুরোপুরি স্পষ্ট নয়। এছাড়া ৬০ দিনের এই সময়সীমা আলোচনার চূড়ান্ত সময়সীমা কিনা, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। কারণ বর্তমানে কার্যকর যুদ্ধবিরতি অনির্দিষ্টকাল পর্যন্ত বহাল রয়েছে।

সম্ভাব্য সমঝোতার আওতায় হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল অবাধ রাখার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের কথাও আলোচনায় এসেছে।

ইরানের দাবি, হরমুজ প্রণালি ইরান ও ওমানের জলসীমার মধ্যে অবস্থিত হওয়ায় এটি যৌথভাবে পরিচালিত হওয়া উচিত। তবে যুক্তরাষ্ট্র বরাবরই ইরানের কোনো ধরনের নিয়ন্ত্রণ বা টোল আরোপের বিরোধিতা করে আসছে।

এদিকে সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে দুই দেশের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনায় যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। বৃহস্পতিবারও উভয় পক্ষ সীমিত পাল্টাপাল্টি হামলা চালিয়েছে বলে জানা গেছে।

Exit mobile version