parbattanews

ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

দেশের ধর্মীয়, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক অঙ্গনে নতুন অধ্যায় শুরু হলো। সরকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকিকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে নিয়োগ দিয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা ঘোষণা করা হয়। ১৯৭৫ সালের ইসলামিক ফাউন্ডেশন আইনের ৫(ক)(১) এবং ৫(ক)(২) ধারা অনুযায়ী অন্যান্য পেশাগত বা প্রাতিষ্ঠানিক সম্পর্ক ত্যাগের শর্তে তাকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

শুক্রবার (২২ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি দেশের প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই প্রথম কোনো পেশাদার আলেম ও মসজিদের ইমামকে সচিব পদমর্যাদার একটি উচ্চ প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া হলো।

নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী কওমি, আলিয়া ও আধুনিক বিশ্ববিদ্যালয়—এই তিনটি বিভাগে শিক্ষিত। তিনি চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা, ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে অধ্যয়ন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।

কর্মজীবনে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। তিনি চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এবং বায়তুল মোকাররম মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইসলামী ব্যাংকিং খাতেও তাঁর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি সম্প্রতি বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলোর কেন্দ্রীয় শরিয়া কাউন্সিলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি স্ট্যান্ডার্ড ব্যাংক ও অগ্রণী ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকের শরিয়া বোর্ডের চেয়ারম্যান ও সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Exit mobile version