ঈদগাঁওয়ে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত চাচা মারা গেছেন


কক্সবাজারের ঈদগাঁওয়ে দোকানের মালিকানা সংক্রান্ত বিরোধের জেরে নুরুল আমিন (৬০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে আহতের দীর্ঘ এগারো দিন পর গতকাল সোমবার চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি, নিহতের ভাতিজা জয়নাল ও শাহজাহানের ধারালো অস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়েছে।
নিহত নুরুল আমিন উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বাহারছড়া এলাকার অছিউর রহমানের ছেলে।
ঈদগাঁও থানার ওসি এটিএম সিফাতুল মাজাদার জানান, ময়না তদন্ত শেষে গতকাল রাতে নিহতের লাশ দাফন সম্পন্ন হয়। তবে ঘটনার পর থেকে এখনো পর্যন্ত এ ঘটনাটায় কোনো পক্ষ অভিযোগ বা মামলা করেনি বিধায় ঘটনার বিস্তারিত বলা যাচ্ছে না।
এদিকে আসন্ন নির্বাচনকে টার্গেট করে একটি চিহ্নিত রাজনৈতিক চক্র মর্মান্তিক এ ঘটনাকে রাজনৈতিক রুপ দেয়ার অপচেষ্টা করছে বলে স্থানীয়রা অভিযোগ তুলেছে।
প্রসঙ্গত গত ২২ জানুয়ারি ভোরে ঈদগাঁও বাজারের দোকানের মালিকানাকে কেন্দ্র করে পূর্ব ঘটনার জেরে চাচা নুরুল আমিনের সাথে সহোদর ভাতিজাদের সংঘর্ষের ঘটনা ঘটে।এতে ছুরিকাঘাতের শিকার হয় চাচা নুরুল আমিন। এসময় নুরুল আমিনের স্ত্রীও আহত হয়। মুমুর্ষ অবস্থায় নুরুল আমিনকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

















