parbattanews

ঈদগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারের ঈদগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার শহীদ মিনার চত্বরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবিরের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।

এরপর পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপি, অঙ্গ সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা সামাজিক সংগঠন।

পরে সকাল সাড়ে আটটায় ঈদগাঁও মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মীর কামরুজ্জামান কবির ও ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার। কুচকাওয়াজে অংশ নেয় শিক্ষার্থীরা।

এদিকে, সকাল ১০ টায় উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে এক বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর কামরুজ্জামান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Exit mobile version