কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়ন সরবরাহকৃত নিম্নমানের খাবার অনুপযোগী ভিজিএফ এর চাল ফেরত দিয়ে অবশেষে পুনরায় খাবার যোগ্য ভালো চাল পাচ্ছে গরীব অসহায় ও দুস্থ পরিবার গুলো। এনিয়ে উপকারভোগীর স্বস্তি প্রকাশ করছে।
রবিবার (১৫) মার্চ সকাল ১০টায় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপকারীভোগিদের মাঝে পুনঃরায় এই চাল বিতরণ শুরু করেন। উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ১ হাজার ৬৬০টি পরিবারে ১০ কেজি করে মোট ১৬ হাজার ৬০০ কেজি চাল বরাদ্দ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চেয়ারম্যান আব্দুল হাকিম জানান, গত বুধবার (১১ মার্চ )সরবরাহকৃত ভিজিএফ এর চাল বিতরণ করতে গিয়ে দেখা যায় চালগুলো ছিল নষ্ট, দূর্গন্ধযুক্ত ও অত্যন্ত নিম্নমানের এবং খাবার অনুপযোগী। এছাড়া ৩০ কেজি ওজনের প্রতি বস্তায় চালের পরিমাণ ১ থেকে ২ কেজি কম ছিল। তাই প্রতি বস্তা চাল তিনজন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে ভাগ করে দিতে গিয়ে বিপাকে পড়তে হয়। যার কারণে ওই দিন তৎখানিক বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে চালগুলো ফেরত দেয়া হয়। ফেরতকৃত চাল গতকাল শনিবার পুনরায় সরকারী গুদাম থেকে ইউনিয়ন পরিষদে পৌঁছে এবং আজ সকালে তা পুনরায় বিতরণ শুরু হয়।
স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, ইউনিয়নের দেড় সহস্রাধিক অসহায় পরিবারের ঈদ উপহার হিসেবে পাওয়া মাত্র ১০ কেজি ভিজিএফ এর চাল যদি খাবার যোগ্য না হয় অভিভাবক হিসেবে তা কষ্টের। দেরিতে হলেও কতৃপক্ষ ফেরতকৃত চালের স্থলে খাবার যোগ্য চাল পুনরায় পাঠানোতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ ‘ঈদ উপলক্ষে ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল সরবরাহের অভিযোগ’ শীর্ষক একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করে পার্বত্যনিউজ। নিউজে বলা হয়, চাল বিতরণ করতে গিয়ে চালের এ অবস্থা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল হাকিম। তিনি বলেন, ঈদ উপলক্ষে গরীব, অসহায়, পরিবারগুলোর মাঝে সরকার প্রদত্ত এসব চাল একেবারে খাবার অনুপযোগী যা সরকারের ভাবমূর্তিকে চরম ক্ষুন্ন করবে। তিনি এসব চাল ক্রয়ের পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ওইদিন মন্তব্য জানতে চেয়ে পার্বত্যনিউজের প্রতিবেদক যোগাযোগ করলেও তারা তখন কোনো জবাব দেননি। অবশেষে চাল ফেরত নিয়ে উন্নত মানের চাল বিতরণ করায় সন্তোষ প্রকাশ করেছেন সুবিধাভোগী পরিবারগুলো। একই সাথে এ ধরনের অনিয়নের আশ্রয় নিয়ে কতিপয় কর্মকর্তা যেন তাদের সাথে গুরুতর প্রতারণা না করেন এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
