ঈদগাঁও বাজারে ভাড়াটিয়া ও মালিক পক্ষের তুমুল মারামারি


কক্সবাজারের ঈদগাঁও বাজারে ভাড়াটিয়ার দ্বারা দোকান জবরদখলের জেরে সন্ত্রাসী হামলায় মালিকপক্ষের এক নারীসহ চারজন আহত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার ঈদগাঁও বাজারের তরকারি গলিতে এ ঘটনা ঘটে।
সরেজমিনে জানা যায়, দোকান মালিক মৃদুল গং-এর সাথে ভাড়াটিয়া মৃণালের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি চুক্তির মেয়াদ শেষ হলেও দোকান ছাড়ছিল না ভাড়াটিয়া। এ নিয়ে বিরোধের জেরে বাকবিতণ্ডার এক পর্যায়ে ভাড়াটিয়া মৃণাল গং মালিকপক্ষের উপর হামলা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এসময় মালিকপক্ষের এক নারী মাথা ফেটে গুরুতর আহত হন এবং আরো তিনজন আহত হন। আহতদের স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পরে সংবাদ পেয়ে স্থানীয় ইউপি সদস্য নুরুল হুদা ঈদগাঁও পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
মালিকপক্ষের নিখিলের দাবি, ভাড়াটিয়া মৃণাল দীর্ঘদিন ধরে চুক্তিলঙ্ঘন করে দোকানটি জবরদখল করে রাখে। চুক্তি শেষ হলেও দোকান না ছাড়ায় প্রতিবাদ করাতে প্রকাশ্যে মৃণাল ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে হামলা করে তাদের এক নারীসহ চারজনকে গুরুতর আহত করে। পরে উল্টো তারা দোকান ভাঙচুর করে মালিকপক্ষের বিরুদ্ধে সাজানো মামলার পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন। তিনি আরও দাবি করেন, যা সরেজমিনে তদন্ত করলে বেরিয়ে আসবে।

















