ঈদগাঁয়ে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, ভিডিও ভাইরাল


ইভটিজিং মামলায় জেলে যাওয়ার প্রতিশোধ নিতে ২ লাখ টাকার চুক্তিতে পুলিশ কর্তৃক ভিকটিমের সিএনজি চালক পিতা জাফর আলমকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। এতে উপজেলা জুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। এ সাজানো অস্ত্র মামলায় সিএনজি চালক জাফর জেল খাটছেন।
চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাসস্টেশনস্থ আনু মিয়া সিকদার পেট্রোল পাম্পের সামনে গত ১৪ অক্টোবর । এ ঘটনায় জড়িত অভিযুক্ত ৩ পুলিশ সদস্য হলেন ঈদগাঁও থানার এসআই বদিউল আলম, তানভীর ও মনির।
বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর এ ঘটনার ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, গত ১৪ অক্টোবর সকালে এক ব্যক্তি যাত্রী সেজে ঈদগাঁও বাসস্টেশনস্থ ঈদগড় সড়কের মাথা থেকে কক্সবাজারমুখি একটি সিএনজিতে উঠেন। সিএনজি পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে যাত্রী চালককে একটি পানির বোতল আনতে পাঠাযন। এ সুযোগে যাত্রী ব্যাগ ভর্তি কিছু বস্তু সিএনজিতে রেখে অদূরে দাঁড়িয়ে থাকা পুলিশের কাছে যান। অতপর পুলিশ সদস্যরা এসেই কোন রকম চার্জ ছাড়াই হাতকড়া পরিয়ে ব্যাগ থেকে অস্ত্রটি বের করে তার হাতে দিয়ে উপস্থিত লোকজনদের দেখিয়ে তাকে থানায় নিয়ে অস্ত্র মামলায় জেল হাজতে প্রেরণ করেন।
চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ ভাইরালের বিষয়ে ঈদগাঁও থানার ওসি এটিএম সিফাতুল মাজদারের সাথে যোগাযোগ করা হলে জানান, গণমাধ্যম মারফত এ ঘটনাটি জেনেছেন। পদক্ষেপ কী নেয়া হবে তা পরে জানাবেন।

















