parbattanews

ঈদুল আজহার জামাতে অংশ নিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

সৌদি আরবের তায়েফে ঈদুল আজহার জামাতে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মোহাম্মদ ইসমাইল নামের এক প্রবাসীর।

বুধবার (২৭ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল উপজেলার পোকখালী ইউনিয়নের মধ্যম পোকখালীর মরহুম ছগির আহমদের একমাত্র ছেলে।

নিহতের স্বজনরা জানান, ইসমাইল দীর্ঘদিন যাবৎ সৌদি আরব প্রবাসে রয়েছেন। পরিবারের একমাত্র পুরুষ সদস্য হওয়ায় পুরো পরিবার ছিল তার আয়ের ওপর নির্ভরশীল। ঘটনার দিন সকালে অন্য সকলের মতো তায়েফের বাসা থেকে পবিত্র ঈদুল আজহার জামাতে যোগ দিতে যাওয়ার পথে আকস্মিক দুর্ঘটনার শিকার হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন।

এ সংবাদ তার সহকর্মী ও প্রবাসী স্বজনদের মাধ্যমে দেশে পৌঁছালে ঈদ আনন্দের এ সময়ে পরিবারে বুকফাটা আহাজারি শুরু হয় এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।

রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ সংশ্লিষ্ট দপ্তরের তত্ত্বাবধানে রয়েছে এবং নিহতের প্রবাসী সহকর্মী ও স্বজনরা এ বিষয়ে যোগাযোগ রক্ষা করছেন।

Exit mobile version