parbattanews

ঈদের ছুটি বাড়ল আরও একদিন

আগামী ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই একদিনের ছুটির কারণে টানা সাত দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে ছুটির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, ১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে কদরের নির্ধারিত ছুটির পর ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে টানা ৭ দিন বন্ধ থাকবে সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।

চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদুল ফিতরের আগে দুই ও পরে দুই দিনসহ মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি।

সব মিলিয়ে ঈদুল ফিতরের ছুটি পাঁচ দিন। ১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবেকদরের ছুটি। ১৮ মার্চ সাধারণ ছুটি অনুমোদন দিল মন্ত্রিপরিষদ। সবমিলিয়ে ঈদুল ফিতরে টানা ৭ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

Exit mobile version