parbattanews

উখিয়ায় আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গা নেতা খুন

কক্সবাজারের উখিয়ায় আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে রোহিঙ্গা কমিউনিটির এক নেতা (মাঝি ) নিহত হয়েছে।

সোমবার (১৩ মে) ভোরে উখিয়া উপজেলার ৪ নম্বর এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের সি-৩ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান, উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

নিহত মোহাম্মদ ইলিয়াছ (৪৩) উখিয়ার ৪ নম্বর এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের আবুল কাশেমের ছেলে। তিনি ব্লকের রোহিঙ্গা কমিউনিটির নেতা (হেড মাঝি) ছিলেন।

এপিবিএন পুলিশসহ স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, রোববার রাতে মোহাম্মদ ইলিয়াছ নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরে ১০-১৫ জন মুখোশ পরিহিত অজ্ঞাত দুষ্কৃতিকারী ঘরের দরজা ভেঙ্গে তাকে তুলে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী হ্যান্ডিক্যাপ অফিসের পিছনে নেওয়ার পর দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই ইলিয়াছের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে গেছে।

ওসি বলেন, প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে সন্ত্রাসী সংগঠন আরসা’র সদস্য এ খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ তথ্য পেয়েছে। তবে কারা, কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়।

ঘটনার কারণ জানার পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি শামীম হোসেন।

তিনি আরো জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version