ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারি এক হাজার রোহিঙ্গা আটক


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারি রোহিঙ্গাদের আটকে অভিযান শুরু করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী।
এতে অন্তত এক হাজার রোহিঙ্গাকে আটক করা হয়েছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে।
রবিবার (৮ফেব্রুয়ারি) ভোর থেকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সহ আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়েছে।
যৌথবাহিনীর সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন সহিংসতামুক্ত ও নির্বিঘ্ন করতে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর নেতৃত্বে সক্রিয় রয়েছে যৌথবাহিনীর সদস্যরা।
এতে রোববার ভোররাতে উখিয়া উপজেলার বালুখালী সহ আশপাশের এলাকায় অভিযান চলিয়ে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারি অন্তত হাজারখানেক রোহিঙ্গাকে আটক করা হয়।
এসব রোহিঙ্গা ক্যাম্পের প্রশাসনের অনুমতি ও অবহিত করা ছাড়াই দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করছিল।
এর আগে চট্টগ্রামের দোহাজারির বার্মা কলোনী সহ আশপাশের এলাকায় কয়েক দফা অভিযান চালিয়ে ৫ শতাধিক রোহিঙ্গাকে আটক করে যৌথবাহিনী। পরে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

















