parbattanews

উখিয়ায় ভোটারদের ‘স্বতঃস্ফূর্ত’ অংশগ্রহণ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারের উখিয়ায় ভোটারেরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। শুরু থেকে নারী ভোটারের উপস্থিতি বেশি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমানে পুরুষ ভোটারের উপস্থিতি বেড়েছে। দুপুর সোয়া একটা পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে ভোটারের ভিড় বাড়লেও হলদিয়ার রুমখা ও পাতাবাড়ি এলাকায় ভোটগ্রহণে ধীরগতি দেখা গেছে। রত্নাপালংয়ের ভালুকিয়ায় লাইনে দাঁড়ানো নিয়ে সমস্যা দেখা দেওয়ায় ভোট না দিয়ে কেউ কেউ কেন্দ্র থেকে বের হয়ে হয়ে গেছেন।

দুপুর ১২টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়-কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে গণমাধ্যমকে অভিযোগ করেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী (হাঁস মার্কা) শাহীন আক্তার। সংবাদ প্রচারের পর তৎক্ষণাৎ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন একটিম টিম নিয়ে ওই কেন্দ্র পরিদর্শন করেছেন।

তবে সকাল থেকে উখিয়ার রাজাপালং, রত্নাপালং, হলদিয়া ও পালংখালী ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবার ইভিএম-এ ভোট দিতে পেরে উচ্ছ্বসিত হতে দেখা গেছে সাধারণ ভোটারদের।

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কামাল উদ্দিন মিন্টু (মাইক মার্কা) বলেন, মানুষ ভোট দিতে কেন্দ্রে যাচ্ছেন। পরিবেশ সুষ্ঠু রয়েছে ও নিরপেক্ষ ভোটগ্রহণ চলছে। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী গফুর মিয়া চৌধুরী (চশমা মার্কা) বলেন, জয়-পরাজয় আল্লাহর হাতে। ফলাফল যা-ই হোক মেনে নেব।

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী (আনারস মার্কা) ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর চৌধুরী (মোটরসাইকেল মার্কা)।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (টিউবওয়েল মার্কা), উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল চৌধুরী (তালা মার্কা), উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল উদ্দিন মিন্টু (মাইক মার্কা), উখিয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি গফুর মিয়া চৌধুরী (চশমা মার্কা) ও জামায়াত নেতা মাওলানা গফুর উল্লাহ (বই মার্কা)।

এ ছাড়াও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন তিনজন— বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উখিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুন্নেছা বেবী (কলসি মার্কা), সাবেক ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার (হাঁস মার্কা) ও সানজিদা আক্তার মায়া (প্রজাপতি মার্কা)।

Exit mobile version