উখিয়ায় এপিবিএনের সাথে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে।
সোমবার (১৫ মে) বেলা সোয়া ১টার দিকে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প ১৭ এর ব্লক-সি এর জনৈক আব্দুল্লাহ’র ঘরের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
প্রিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে এপিবিএন সদস্যরা শীর্ষ সন্ত্রাসী মামুনুর রশিদকে ধরতে গেলে রোহিঙ্গা সন্ত্রাসীরা এপিবিএন সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে।
এপিবিএন সদস্যদের পাল্টা গুলিতে সন্ত্রাসী একজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
ঘটনাস্থলে পিবিআই এবং সিআইডি ক্রাইমসিন ইউনিট টিম উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেছে।
ক্যাম্পে পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
