parbattanews

উখিয়া কৃষকলীগের ১১ নেতাকর্মীর পদত্যাগের হুমকি

কৃষকলীগ লোগো
স্টাফ রিপোর্টার, কক্সবাজার:
নবগঠিত উখিয়া উপজেলা কৃষকলীগের কমিটি নিয়ে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তাদের দাবী নীতিমালা বহির্ভূতভাবে কমিটির বিভিন্ন পদে বিতর্কিত লোকজনদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও অধিকাংশ পদে শুধু রত্নাপালং ইউনিয়নের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করায় বাকী ৪টি ইউনিয়নে নেতাকর্মীরা কমিটি থেকে বাদ পড়েছে। এঘটনা নিয়ে উপজেলা ও ইউনিয়ন কমিটির ১১ জন নেতাকর্মী পদত্যাগ করার হুমকি প্রদর্শন করেছে।

উপজেলা কৃষকলীগের সাবেক সদস্য সচিব বাবু দীনেশ বড়ুয়া জানান, নবগঠিত কমিটি কাউন্সিলারদের মতামত ও পরামর্শ নিয়ে গণতান্ত্রিক উপায়ে গঠন করা হয় নি। সুতরাং অগণতান্ত্রিক ও অসাংবিধানিকভাবে গঠিত কমিটিতে থাকার কোন প্রশ্নই আসে না।তিনি বলেন, যে কারণে আমি পত্র-পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নবগঠিত কমিটি থেকে পদত্যাগ করেছি।

উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন জানান, নবগঠিত ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে ৮ জন বিতর্কিত ব্যক্তি স্থান পেয়েছে। বাকী ১৩ জন রত্নাপালং ইউনিয়ন থেকে নেয়া হয়েছে, যাদের অধিকাংশই ব্যবসায়ী। ফলে উপজেলার অন্য ৪টি ইউনিয়ন কৃষকলীগের ত্যাগী নেতাকর্মীরা উপজেলা কমিটিতে স্থান পায় নি।

উপজেলা কৃষকলীগের সাবেক আহ্বায়ক কাজী আকতার উদ্দিন টুনু জানান, নবগঠিত কৃষকলীগের কমিটি গঠনে অনিয়ম, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার আশ্রয় নেয়া হয়েছে। যে কারণে উপজেলা কৃষকলীগের ত্যাগী নেতাকর্মীরা কমিটি থেকে বাদ পড়েছে। এ কমিটি সংশোধন করা না হলে তিনি সহ ১১ জন নেতাকর্মী পদত্যাগ করতে বাধ্য হবে এ বিষয়ে কোন সন্দেহ নাই।

Exit mobile version