parbattanews

উত্তপ্ত পরিস্থিতি থেকে উত্তরণে খাগড়াছড়িতে বিশেষ সভা

খাগড়াছড়িতে চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার জেরে সৃষ্টি সহিংসতা পরিস্থিতি উত্তরণে অংশীজনদের নিয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা, সম্প্রীতির সহাবস্থান বজায় রাখতে সকলকে শান্ত থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভারিক রাখতে প্রশাসককে সহযোগিতার আহ্বান জানান। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজী সন্ত্রাস বন্ধে অভিযান পরিচালনার দাবী জানানো হয়।

শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। এ সময় সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাত জুয়েল, পুলিশ সুপার আরেফিন জুয়েলসহ পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ, গত বুধবার সকালে খাগড়াছড়ি জেলা সদরে এক বাঙালি যুবককে মোটরসাইকেল চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে দীঘিনালা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করলে সন্ত্রাসীরা হামলা চালালে পুরো জেলায় উত্তাপ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সেনাবাহিনীর উপরও পাল্টা গুলি চালায় পাহাড়ি সন্ত্রাসীরা। সহিংসতায় খাগড়াছড়ি জেলা সদরে ২ জন ও দীঘিনালায় ১ জনের মৃত্যু হয়েছে এবং অর্ধশতাধিক দোকানপাটে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

Exit mobile version