চলমান এইচএসসি পরীক্ষা-২০২৬-এর প্রশ্নপত্র গ্রহণ, সংরক্ষণ, পাঠানো ও বিতরণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা নির্দেশনা পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, এইচএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও প্রশ্নপত্রের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রে প্রশ্নপত্র গ্রহণ, সংরক্ষণ, পরীক্ষা কক্ষে পাঠানো এবং পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের প্রতিটি ধাপে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে।
বিশেষভাবে লক্ষ রাখতে হবে, পরীক্ষার কক্ষে প্রয়োজনের অতিরিক্ত কোনো প্রশ্নপত্র দেওয়া যাবে না। প্রশ্নপত্র বিতরণ শেষে অব্যবহৃত প্রশ্নপত্র তাৎক্ষণিকভাবে নির্ধারিত পদ্ধতিতে নিরাপদে সংরক্ষণ করতে হবে এবং কোনো অবস্থাতেই প্রশ্নপত্র বা তার কোনো অংশ পরীক্ষা কক্ষের বাইরে নেওয়া যাবে না।
এ বিষয়ে সংশ্লিষ্ট সব কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং নির্দেশনাসমূহ কঠোরভাবে অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
