এইবার রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগে কোটা বাতিলের দাবি


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে কোটা বৈষম্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ জারিকৃত কোটা সম্পর্কিত আইন না মেনে পরীক্ষা গ্রহণের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার যুব পরিষদ এক প্রতিবাদ সমাবেশ ও জেলা পরিষদে স্মারকলিপি প্রদান করেছে।
রোববার (১৬ নভেম্বর ) রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ র্যালি বের হয়ে জেলা পরিষদ কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে। পরে জেলা পরিষদের সদস্য মিনহাজ মোর্শেদের নিকট আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, সংগঠনটির জেলা কমটির আহ্বায়ক আসাদুজ্জামান খান, সদস্য সচিব আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম, মহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রাঙামাটি জেলা পরিষদ পরিচালিত প্রাতমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে সংখ্যাগত কোটা বণ্টন বৈষম্যমূলক এবং জাতীয় শিক্ষা নীতিমালার সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এতে বহু যোগ্য প্রার্থী বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে নিরপেক্ষভাবে পরীক্ষা গ্রহণের দাবি জানানো হয়।
চাকরি প্রত্যাশীরা অভিযোগ করেন, কোটা সংক্রান্ত সরকারি নির্দেশনা অনুসরণ না করা, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠায় তারা মাঠে নামতে বাধ্য হয়েছেন। তারা সতর্ক করে বলেন, দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আন্দোলনকারীরা আশা প্রকাশ করেন, জেলা পরিষদ কর্তৃপক্ষ তাদের দাবি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেবে যাতে রাঙামাটির সাধারণ চাকরি প্রত্যাশীরা দীর্ঘদিনের অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে পারেন।

















