
নিজস্ব প্রতিনিধি :
একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামকে গ্রেফতারের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি একুশে দর্শক ফোরামের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে খাগড়াছড়ির পেশাজীবী সাংবাদিক, সুশীল সমাজ, ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধন থেকে একুশে টিভির চেয়ারম্যানকে গ্রেফতার ও একুশে টিভির সম্প্রচার বন্ধ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা অবিলম্বে আব্দুস সালামকে মুক্তি দেয়ার দাবি জানান। একই সাথে বন্ধ গণমাধ্যম খুলে দেয়া এবং মাহমুদুর রহমানসহ কারারুদ্ধ সাংবাদিকদের মুক্তিরও দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপিত নুরুল আজম ও একুশে টিভির খাগড়াছড়ি প্রতিনিধি চিংমেপ্রু মারমা প্রমুখ।