এখন পর্যন্ত নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে : প্রেস সচিব


প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের ভালো লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। তিনি বলেন, এখনও ভালো নির্বাচনী পরিবেশ বজায় আছে। দুয়েকজন লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বললেও এখন পর্যন্ত ছোট-বড় সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড সমান আছে। দৃশ্যমান এমন কিছু ঘটেনি যে যাতে বলা যাবে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।
শুক্রবার (৯ জানুয়ারি) ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন শেষে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে সরকার আগেই জানিয়েছিলো। সে গণভোট নিয়ে তিনি বলেন, আমরা চাই সবাই দলবলে কেন্দ্রে গিয়ে গণভোটে হ্যাঁ ভোট দেবো। বাংলাদেশে আর যাতে ফ্যাসিস্ট তৈরি না হয়। বাংলাদেশে যেন সব মানুষের অধিকার অক্ষুন্ন থাকে। বিগত সময়ের অপশাসন যেন আর না দেখতে না হয়।
প্রেস সচিব বলেন, বাংলাদেশ পীর আওলিয়ার দেশ, ইসলাম এসেছে তাদের হাত ধরে। কেউ কেউ বিভিন্ন অজুহাতে মাজারে আঘাত হানছে। বাংলাদেশ সম্প্রীতির দেশ, এই দেশ সব ধর্ম-বর্ণ মানুষের দেশ। এখানে একত্রে যেন শান্তিতে সবাই বসবাস করে এটাই প্রত্যাশা।
পরিদর্শনকালে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীসহ জেলা ও পুলিশ প্রশাসন এবং মাজার ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

















