parbattanews

এটাই আমার শেষ নির্বাচন, শেষবারের মতো সুযোগ দিন : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনের ভোটারদের কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক আবেগঘন আবেদন জানান। তিনি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে এবারের নির্বাচনকেই নিজের ‘শেষ নির্বাচন’ হিসেবে ঘোষণা দিয়েছেন।

সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভেরিফায়েড ফেসবুকে পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এই আবেদন জানান। মুহূর্তেই মির্জা ফখরুলের এই পোস্ট নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়।

পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন, জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। এটাই আমার শেষ নির্বাচন। একজন চেনা লোক হিসেবে, আপনাদের সেবক হিসেবে শেষবারের মতো আমাকে সুযোগ দিন যাতে আপনাদের অসমাপ্ত স্বপ্নগুলো আমি সত্যি করে যেতে পারি।

বিএনপির এই শীর্ষ নেতার এমন ‘বিদায়ী বার্তা’র পর ঠাকুরগাঁওসহ দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা একে একজন অভিজ্ঞ রাজনীতিবিদের জীবনের শেষ ইচ্ছা হিসেবে দেখছেন।

মির্জা ফখরুল তার বার্তায় নিজেকে ‘আপনাদের সেবক’ হিসেবে পরিচয় দিয়ে ভোটারদের ব্যক্তিগত সম্পর্কের কথা মনে করিয়ে দিয়েছেন। একজন প্রবীণ রাজনীতিবিদের এমন আবেদনে নির্বাচনি লড়াইয়ে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মির্জা ফখরুলের পোস্টে নেটিজেনদের কমেন্টে অনেকেই শুভকামনা জানান আবার অনেকেই আশাবাদ ব্যক্ত করছেন ফখরুল বিজয়ী হলে ঠাকুরগাঁও-১ তথা দেশের উন্নয়নে তিনি অবদান রাখবেন।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বিএনপি মহাসচিবের দায়িত্ব পালনের পাশাপাশি ঠাকুরগাঁওয়ের রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত। তার এই আবেগঘন আবেদনের পর নির্বাচনি মাঠের সমীকরণ কী দাঁড়ায়, তা দেখার জন্য এখন অপেক্ষা ভোটের দিন পর্যন্ত।

Exit mobile version