এবারের সবচেয়ে বয়স্ক হজযাত্রী ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ার পূর্ব জাভার কেদিরির বাসিন্দা ১০৪ বছরের মারসিয়াহ। ১০৪ বছর বয়সী এই নারী ২০২৬ সালের জন্য ইন্দোনেশিয়ার ২ লাখ ২১ হাজার হজযাত্রীর প্রতিনিধিদলের অংশ হিসেবে হজ পালনের সুযোগ পান।
মারসিয়াহ ২০২১ সালে প্রথম হজের জন্য নিবন্ধন করেন। বহু বছর ধরে সঞ্চয় করে সৌদি আরবে গিয়ে হজ পালনের স্বপ্ন পূরণের প্রস্তুতি নেন তিনি।
হজ মিডিয়া সেন্টারকে মারসিয়াহ বলেন, আমি ঐতিহ্যবাহী পোরিজ বিক্রি করি। অল্প অল্প করে টাকা জমাতাম। একটি কৌটায় রেখে সঞ্চয় করতাম। কোথাও কম হলে ছেলে তা পূরণ করে দিত।
বছরের পর বছর সামান্য সামান্য করে টাকা জমিয়ে শেষ পর্যন্ত হজে নিবন্ধনের মতো অর্থ সংগ্রহ করতে সক্ষম হন তিনি। শুরুতে নিজের এই স্বপ্নের কথা কাউকে জানাননি মারসিয়াহ।
তিনি বলেন, আমি কাউকে বলিনি যে হজের জন্য টাকা জমাচ্ছি। এমনকি ঘনিষ্ঠ আত্মীয় ও প্রতিবেশীর কাছেও বিষয়টি গোপন রেখেছিলেন। পরে পর্যাপ্ত অর্থ জমার পর আশপাশের মানুষকে বিষয়টি জানান।
১৯২১ সালের ১ জুলাই জন্ম নেওয়া মারসিয়াহ এখনও লাঠির সহায়তায় ধীরে ধীরে হাঁটতে পারেন। তবে হজের বেশিরভাগ সময় তিনি হুইলচেয়ার ব্যবহার করেছেন।
২২ মে শুক্রবার সকালে ৬৭ বছর বয়সী মেয়ে মুইদাহকে সঙ্গে নিয়ে তিনি মক্কায় পৌঁছান।
সূত্র: আরব নিউজ
