খাগড়াছড়ি জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক মো. রুবেল ৩০ জন কর্মী-সমর্থক নিয়ে ছাত্রদলে যোগ দিয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির সহ কর্মসংস্থান সম্পাদক ও খাগড়াছড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁরা ছাত্রদলে যোগদান করেন।
এ সময় খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক বাপ্পী দাশসহ ছাত্রদলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ইয়াকুব আলী চৌধুরী এ বিষয়ে বলেন, ‘রুবেল একসময় ছাত্র শিবিরের সাথে জড়িত থাকলেও এক বছরের বেশি সময় ধরে সে ছাত্র শিবিরের সাথে নেই। তাকে বিভিন্ন অভিযোগ ২০২৪ সালের মে মাসে শিবির থেকে বহিষ্কার করা হয়েছে। হাতে গোনা কয়েকজন বিএনপিতে যোগ করলেও এতে নির্বাচনে আমাদের দলের কোনো ক্ষতি হবে না।’
নবাগতদের স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূইয়া বলেন, ‘ইসলামী ছাত্র শিবিরের শুভবুদ্ধির উদয় হয়েছে। তারা সঠিক সময়, সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক ঠিকানায় এসেছে।
তিনি আরও বলেন, ‘‘নতুন সদস্যরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ‘নতুন বাংলাদেশ’ গঠনে ভূমিকা রাখবে।’’
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাপ্পী দাশ বলেন, ‘রোববার রাতে সাবেক শিবির নেতা মো. রুবেলের নেতৃত্বে ৩০ জন নেতা-কর্মী ছাত্রদলে যোগ দেয়।’
মো. রুবেল জানান, ইসলামী ছাত্র শিবির ও জামায়াতে ইসলামীর কিছু বিষয় নিয়ে প্রশ্ন তৈরি হওয়ায় তিনি সংগঠন থেকে অব্যাহতি নেন। ছাত্রদলে যোগদানের পর তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন।
রুবেল পানছড়ি, মাটিরাঙ্গা, মহালছড়ি, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন। পরে জেলা অফিস সম্পাদক, জেলা প্রশিক্ষণ সম্পাদক এবং সর্বশেষ ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে পর্যন্ত খাগড়াছড়ি জেলা শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
