parbattanews

ওষুধ ছাড়া উচ্চ রক্তচাপ কমার যে দুটি খাবারের কথা বলেছেন গবেষকেরা

উচ্চ রক্তচাপকে তেমন গুরুত্ব না দেওয়ার কারণে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঘটনা দিনদিন বাড়ছে। এসব এড়ানো কিন্তু কঠিন নয়। ওষুধ ছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায়।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে দু’টি জিনিস খাওয়ার কথা বলছেন কানাডার ইউনিভার্সিটি অফ ওয়াটারলু-র বিজ্ঞানীরা। তাঁরা দাবি করেছেন, কলা ও ব্রোকোলি খেলে হাইপারটেনশনের ভয় থাকবে না। এই দুইয়ের মধ্যেই রয়েছে ভরপুর পরিমাণে পটাশিয়াম ও সোডিয়াম।

তাই নিয়ম মেনে ও পরিমিত খেলে শরীরে খনিজ লবণের ঘাটতি হবে না। ‘আমেরিকান জার্নাল অফ ফিজ়িয়োলজি’-তে এই গবেষণার খবর ছাপা হয়েছে।

উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে সাধারণত নুন খেতে বারণ করা করা হয়। গবেষক অনিতা লেটন জানাচ্ছেন, সোডিয়াম কম খেয়ে যদি পটাশিয়াম পরিমিত মাত্রায় খাওয়া যায়, তা হলে রক্তচাপের হেরফের সহজে হবে না।

হাইপারটেনশনের অনেক রোগীর উপরেই পরীক্ষা করে দেখা গিয়েছে, কলা ও ব্রকোলি খেয়ে তাঁদের রক্তচাপ নিয়ন্ত্রণে আছে। পটাশিয়াম ও সোডিয়ামের অনুপাত কী ভাবে রক্তচাপের উপর প্রভাব ফেলে, সে নিয়ে গাণিতিক মডেলও তৈরি করেছেন বিজ্ঞানীরা। সেখানে দেখা গিয়েছে, পুরুষদের রক্তচাপের তারতম্য হওয়ার ঝুঁকি মহিলাদের চেয়ে বেশি।

সে ক্ষেত্রে ব্রকোলির মতো সব্জি নিয়ম করে খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। গবেষকেরা সপ্তাহ দুয়েকের বেশি হাইপারটেনশনের রোগীদের তিন বেলা ব্রকোলির স্যুপ, ফলের মধ্যে কলা খাইয়ে দেখেছেন, ৭২ শতাংশের রক্তচাপ নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে গবেষণা চলছে। আরও বেশি সংখ্যক মানুষের উপর পরীক্ষাটি করে তবেই নিশ্চিত হতে পারবেন গবেষকেরা।

Exit mobile version