কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ১৯ জন আটক


কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে কয়েকটি দেশীয় অস্ত্রসহ ১৯ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এই সময় তাদের কাছ থেকে পাওয়া যায় ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ১১ টি দেশীয় অস্ত্র।
রোববার (১১ জানুয়ারি) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, কক্সবাজারের কলাতলী সমুদ্র এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ফিশিং বোটে ডাকাতির উদ্দেশে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১১টায় সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা থেকে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে দুটি ফিশিং বোটকে থামার সংকেত দেয়। সংকেত অমান্য করে আলো নিভিয়ে দিয়ে পালানোর চেষ্টার করে বোট দুটি। এ সময় কোস্ট গার্ড বোট দুটিকে ধাওয়া করলে একটি বোট গতি বাড়িয়ে পালিয়ে যায় এবং অন্য একটি বোট হতে কোস্ট গার্ড সদস্যদের দিকে গুলি ছুঁড়ে। এ সময় আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরা পাল্টা গুলি চালালে ডাকাত দলের সদস্য মো. আনিস (৪০) গুলিবিদ্ধ হয়।
পরবর্তীতে কোস্ট গার্ড আভিযানিক দল ঘণ্টাব্যাপী বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোটটিতে তল্লাশি চালিয়ে ১৪ অস্ত্রসহ ১৯ ডাকাতকে আটক করা হয়।
এ সময় গুলিবিদ্ধ ডাকাতকে উদ্ধার করে চিকিৎসা প্রদানের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। শনিবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ ডাকাত সদস্যকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জব্দকৃত সব আলামতসহ আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়।

















