parbattanews

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে সিমেন্ট, সারসহ আটক ১৬

​মিয়ানমারে অবৈধভাবে ভোগ্যপণ্য ও নির্মাণসামগ্রী পাচারের চেষ্টাকালে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ সিমেন্ট ও ইউরিয়া সারসহ ১৬ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (৫ জানুয়ারি) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

​ কোস্ট গার্ড জানায়, সোমবার মধ্যরাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের একটি দল বাঁকখালী মোহনা সংলগ্ন সমুদ্রে বিশেষ অভিযান চালায়। এসময় একটি সন্দেহভাজন ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ৪৩০ বস্তা সিমেন্ট ও ১২ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। শুল্ক-কর ফাঁকি দিয়ে এসব পণ্য মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। বোটটিতে থাকা ৮ জন পাচারকারীকে এসময় আটক করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৩০ হাজার টাকা।

​গভীর সমুদ্রে অপারেশন
​এর আগে, গতকাল ৪ জানুয়ারি রাত ১০টার দিকে সেন্টমার্টিন থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে অভিযান চালায় কোস্ট গার্ডের জাহাজ ‘কামরুজ্জামান’।

অপারেশন কোরাল দ্বীপের আওতায় পরিচালিত এই অভিযানে একটি ফিশিং বোট থেকে ৫০০ বস্তা সিমেন্টসহ আরও ৮ জন পাচারকারীকে আটক করা হয়। উদ্ধারকৃত এই সিমেন্টের বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা।

অভিযানে মোট ​১৬ জন পাচারকারীকে আটক, ৯৩০ বস্তা সিমেন্ট ও ১২ বস্তা ইউরিয়া সার উদ্ধার করে কোস্ট গার্ড।

​জব্দকৃত মালামাল, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

​লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সমুদ্রপথে সব ধরনের চোরাচালান ও অবৈধ পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Exit mobile version