কক্সবাজারের রামুতে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ জুন) ভোরে উপজেলার ঈদগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উপরের খিল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঈদগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উপরের খিল এলাকার কামাল হোসেনের মেয়ে রুবি আক্তার (১৯) ও তার স্বামী নুর মোহাম্মদ (২৮)। নুর মোহাম্মদ চট্টগ্রামের রাউজান এলাকার বাসিন্দা।
নিহত রুবি আক্তারের মা আমিনা খাতুন জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টায় স্থানীয় আবদুর রশিদের ছেলে রমজানের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাড়িতে প্রবেশ করে এবং রান্না ঘরে ঘুমিয়ে থাকা তার মেয়ে রুবি আক্তার ও জামাতা নুর মোহাম্মদকে ধারলো দা দিয়ে জবাই করে হত্যা করে।
রুবি আকতারের পিতা কামাল হোসেন জানান, ওই এলাকার চিহিৃত সন্ত্রাসী, আলোচিত শহীদ হত্যাকাণ্ডের অন্যতম আসামী রমজান বিয়ের আগে তার মেয়েকে উত্যক্ত করতো। তার সাথে মেয়ের বিয়ে না দেয়ায় সে ইতিপূর্বে তাদের দেখে নেয়ার হুমকিও দিয়েছিলো।
স্থানীয় ইউপি সদস্য কামরুল আমিন জানান, ৩ মাস পূর্বে রুবি আক্তারের সাথে নুর মোহাম্মদের বিয়ে হয়। হত্যাকাণ্ডের শিকার নুর মোহাম্মদ পেশায় দিনমজুর। বিয়ের পর থেকে রুবি আক্তার স্বামীকে নিয়ে তার নানার বাড়িতে বসবাস করে আসছিলো। ইতিপূর্বে রুবি আক্তারের মায়ের সাথে তার পিতার বিবাহ বিচ্ছেদ হয়। এ কারণে মা আমিনা খাতুন মেয়ে রুবি আক্তারকে নিয়ে বাবার বাড়িতে মায়ের (রুবির নানী) সাথে বসবাস করে আসছিলো। ঘটনার সময় রুবি আক্তার ও নুর মোহাম্মদ রান্না ঘরে ঘুমিয়েছিলো।
এদিকে জোড়া হত্যাকাণ্ডের খবর পেয়ে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, রামু থানার ওসি আবু তাহের দেওয়ান এবং সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। হত্যাকাণ্ডের স্থানটি ঘিরে রেখেছে সিআইডি। বুধবার দুপুর দুইটায় মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গভীর রাতে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে কাজ করছে।
