parbattanews

কক্সবাজারে মাটি ফুঁড়ে বের হলো আগুন

কক্সবাজার সরকারি কলেজের সামনে একটি স্থানে মাটি ফুঁড়ে আগুন উদগীরণ হয়েছে। গতকাল রবিবার (১৭ এপ্রিল) ইফতারের আগ থেকে প্রায় দুই ঘন্টা আগুন উদগীরণের পর ফায়ার সার্ভিস দল পৌঁছে আগুন নিভিয়ে দিয়েছে। তবে আগুন উদগীরণের কারণ জানা যায়নি। হঠাৎ আগুন উদগীরণ নিয়ে লোকজন কৌতুহলী হয়ে পড়ে। আগুন দেখতে উৎসুক লোকজন ঘটনাস্থলে ভিড় করে।

স্থানীয়ররা জানান, বিকেলে একটি গর্ত থেকে ধোঁয়া বের হয়। এটি আস্তে আস্তে বড় আকারে পরিণত হয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়।

কক্সবাজার ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টা পর আগুন নেভাতে সক্ষম হয়। মাটির ভেতরে চাপা গাছ থেকে আগুনের উদগীরণ হচ্ছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

স্থানীয় জামাল উদ্দীন বলেন, ওই স্থানে বেশ কিছু বৈদ্যুতিক খুঁটি পুতে রেখে ভরাট করে সড়কের মেরামত করা হয়েছে। এ কারণে আগুন উদগীরণ মনে হচ্ছে। হঠাৎ এভাবে আগুন উদগীরণ নিয়ে তোলপাড় চলছে। অনেকেই মন্তব্য করছেন এটি হয়তো আগ্নেয়গিরির লাভা হতে পারে। আবার অনেকের ধারণা, গ্যাস থেকে আগুন উদগীরণ হতে পারে।

Exit mobile version