কক্সবাজারে যুবদলের দুই নেতাকে দুর্বৃত্তের গুলি


কক্সবাজার শহরের বাইপাস উত্তরণ আবাসিক এলাকায় যুবদলের দুই নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে হেলমেট পরে আসা দুর্বৃত্তরা গুলি করে সেখান থেকে পালিয়ে যায়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন লারপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ ফারুক (৩৪)। দুজনই সক্রিয়ভাবে যুবদলের রাজনীতিতে জড়িত বলে জানা গেছে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে পাঠান দায়িত্বরত চিকিৎসক।
গুলির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন। তিনি বলেন, প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

















