parbattanews

কক্সবাজারে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ৬

সড়ক দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার : 

কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বুধবার দুপুরে চকরিয়ার হারবাং এলাকায় এবং বিকালে ফাঁসিয়াখালী এলাকায় পৃথক এ সড়ক দূর্ঘটনা ঘটে বলে জানান জকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান।

এর মধ্যে ফাঁসিয়াখালী এলাকায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুর রশিদ (৪০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হন। তিনি মহেশখালীর কালারমারছড়া এলাকার উলা মিয়ার ছেলে। আহত হন অপর এক মোটর সাইকেল আরোহীও। আহত মোটর সাইকেল আরোহীকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও তার পরিচয় জানাতে পারেননি ওসি জহিরুল।

এছাড়া চকরিয়ার হারবাং এলাকায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাসের সঙ্গে অপর যাত্রীবাহী গাড়ীর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। নিহত জাফর আলম (৪০) চকরিয়ার লক্ষ্যারচর এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন।

আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও নাম ও পরিচয় জানাতে পারেননি ওসি জহিরুল। তিনি বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version