
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
আগামী ১৮ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় সারা দেশে একযোগে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারে জেলায় প্রাথমিকে ৪৪০৫৭ ও ইবতেদায়ীতে ১২৬৮০ মোট ৫৬৭৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে বলে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়।
১০২ পরীক্ষা কেন্দ্রে ৫৬৭৩৭ জন পরীক্ষার্থী অংশ নিবে। এর মধ্যে কক্সবাজার সদর উপজেলার ২০ পরীক্ষা কেন্দ্রে প্রাথমিকে ৭১১৮ ও ইবতেদায়ীতে ৩১৪৮ মোট ১০২৬৬ জন পরীক্ষার্থী, রামুতে ১২ কেন্দ্রে প্রাথমিকে ৫৪০৭ ও ইবতেদায়ীতে ১০৭৬ মোট ৬৪৮৩ জন পরীক্ষার্থী, চকরিয়ায় ২৪ কেন্দ্রে প্রাথমিকে ৯২২৪ ও ইবতেদায়ীতে ২৭২৩ মোট ১১৯৪৭ জন পরীক্ষার্থী, পেকুয়াতে ৭ কেন্দ্রে প্রাথমিকে ৪৬২৩ ও ইবতেদায়ীতে ১২২৮ মোট ৫৮৫১ জন পরীক্ষার্থী, কুতুবদিয়ায় ৬ কেন্দ্রে প্রাথমিকে ২৯৪৭ ও ইবতেদায়ীতে ৪৭৩ মোট ৩৪২০ জন পরীক্ষার্থী, মহেশখালীতে ৯ কেন্দ্রে প্রাথমিকে ৬০৫৫ ও ইবতেদায়ীতে ১৫৯৪ মোট ৭৬৪৯ জন পরীক্ষার্থী, উখিয়ায় ১২ কেন্দ্রে প্রাথমিকে ৪৫৪৫ ও ইবতেদায়ীতে ৯৮৮ মোট ৫৫৩৩ জন পরীক্ষার্থী, টেকনাফে ১২ কেন্দ্রে প্রাথমিকে ৪১৩৮ ও ইবতেদায়ীতে ১৪৫০ মোট ৫৫৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে।
ছোটদের বড় পরীক্ষা আড়াই ঘন্টায় ১০০ নম্বরের প্রশ্নে উত্তর দিতে হবে। পাবলিক সব পরীক্ষায় ১০০ নম্বর পূর্ণমানের জন্য ৩ ঘন্টা সময় নির্ধারণ করা হলেও ছোটদের বেলায় কেন আড়াই ঘন্টা তা নিয়ে অভিভাবক মহলের কাছে প্রশ্ন বিদ্যমান।
তাদের দাবি, কোমলমতি শিক্ষার্থীদের মেধা অনুযায়ী আড়াই ঘন্টার মধ্যে ১০০ নম্বর পূর্ণমান নির্ধারণ করা কঠিন হয়ে পড়ছে। অপরদিকে এবারে ৪০ নম্বরের নৈব্যক্তিক বাতিল করায় পুরো ১০০ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর দিতেও ছোটরা হিমশিম খাবে বলে অভিভাবক মহলের অভিযোগ।
আগামী মাসের (নভেম্বর) ছোটদের পাবলিক এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলেও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সময় সূচী-
১৮ নভেম্বর ইংরেজি , ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৫ নভেম্বর গণিত ও ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা।
ইবতেদায়ী পরীক্ষার সময় সূচী-
১৮ নভেম্বর ইংরেজি , ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর আরবী, ২৫ নভেম্বর গণিত ও ২৬ কুরআন তাজবীদ ও আকাইদ ফিক্হ।