কক্সবাজার-২ আসনে ধানের শীষের প্রার্থী আলমগীর ফরিদ


নানা জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে কক্সবাজার-২ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসনসহ আরও ৩৬টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণে রাখা কক্সবাজার–২ আসনের মনোনয়ন প্রশ্নে অনিশ্চয়তার অবসান ঘটল।
এ আসনে বিএনপির দুটি গ্রুপিং সক্রিয়ভাবে প্রার্থী মনোনয়নে দাবিদার ছিল, যার কারণে প্রার্থী ঘোষণায় বিলম্ব হয়। বৃহস্পতিবার সেটার অবসান হলেও নিরুত্তাপ “মনোনয়ন” আমেজ বিরাজ করছে দুই দ্বীপ উপজেলায়।
কুতুবদিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এম. এ ছালাম কুতুবী প্রার্থী মনোনয়ন নিশ্চিত করে বলেন, প্রার্থী যেই হন, ধানের শীষের প্রার্থী হিসেবেই তারা কাজ করবেন। কোন বিভেদ থাকবে না বলে তিনি মনে করেন।

















