parbattanews

কয়েলের আগুনে পুড়ে স্কুলছাত্রীর মৃত্যু

মহেশখালী উপজেলার শাপলাপুরে ঘরের ভেতরে আগুনে পুড়ে মুন্নি আক্তার (১২) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
১৫ মার্চ (শনিবার) সন্ধ্যায় উপজেলার শাপলাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাতঘরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মুন্নি আক্তার ওই এলাকার খোরশেদ আলমের মেয়ে। সে স্থানীয় শাপলাপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির মেধাবী ছাত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে শোবার ঘরের খাটের নিচে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে ছিল মুন্নি। এ অবস্থায় তার মা তাকে ঘরে রেখে দরজায় তালা দিয়ে পানের বরজে কাজ করতে যান। মুন্নির ভাই-বোনেরাও মায়ের সঙ্গে ছিল।
সন্ধ্যার দিকে ঘরটিতে হঠাৎ আগুন লাগে। এ সময় স্থানীয় বাসিন্দারা পানি ছুড়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর দরজার তালা ভেঙে ঘরে ঢুকে আগুনে দগ্ধ কিশোরী মুন্নির মরদেহ উদ্ধার করা হয়। মুন্নির শরীরের প্রায় ৮৫% শতাংশ পুড়ে গেছে।
এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, কিশোরীর মরদেহ পরিবারের আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
কিশোরী মুন্নির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Exit mobile version