পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনি প্রচারণার জন্য ৪০ জন হেভিওয়েট ‘স্টার ক্যাম্পেইনার’-এর তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জেপি নাড্ডার পাশাপাশি নাম রয়েছে সংসদ সদস্য দুই বলিউড অভিনেত্রী হেমা মালিনী ও কঙ্গনা রানাওয়াতের।
বলিউডের পাশাপাশি টালিউডের একঝাঁক পরিচিত মুখও এই তালিকায় স্থান করে নিয়েছেন।
তবে দলটির এই প্রচার তালিকায় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউতকে নিয়ে। সপ্তাহের প্রথম দিনেই কলকাতায় পৌঁছে গেছেন তিনি।
জানা গেছে, সাবেকি সাজে কালীঘাট মন্দিরে পূজা দেওয়ার মাধ্যমেই তিনি তার নির্বাচনি প্রচারণা শুরু করবেন। কঙ্গনা ও হেমা মালিনী ছাড়াও তালিকায় আরও রয়েছেন মিঠুন চক্রবর্তী, অভিনেতা মনোজ তিওয়ারি এবং টেনিস তারকা লিয়েন্ডার পেজ।
