কাউখালীতে ইউপিডিএফ-জেএসএস বন্দুক যুদ্ধ, নিহত ১


রাঙামাটির কাউখালী উপজেলার সীমান্তবর্তী রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের রইশ্যাবিলি উপজাতি পাড়ায় জেএসএস (সন্তু) ও ইউপিডিএফ (প্রসীত) এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গুলি বিনিময় ঘটে। এতে একজন নিহত হয়েছে বলে জানা যায়।
দুই গ্রুপের আধিপত্য বিস্তার কেন্দ্র করে ২৬ নভেম্বর বুধবার বিকেল ৪টা থেকে দু’পক্ষের মধ্য অন্তত ৫০-৬০ রাউন্ড গুলি বিনিময় হয় বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করে।
বিশ্বস্ত একাধিক সূত্র জানায়, জেএসএস (সন্তু) সশস্ত্র গ্রুপ কমান্ডার অসীম চাকমার নেতৃত্বে ২৫-৩০ জনের সশস্ত্র গ্রুপের সাথে ইউপিডিএফ (প্রসীত) সশস্ত্র গ্রুপ কমান্ডার তরেন চাকমার নেতৃত্বে ৪০ জনের সশস্ত্র গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে এই ভয়াবহ গুলি বিনিময় হয়। এতে জেএসএস (সন্তু) গ্রুপের এক সদস্য নিহত হয়। তবে এই সংঘর্ষে কতজন আহত হয়েছে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়রা ধারণা করছে, রাঙ্গুনিয়ার বাণিজ্যিক জোন হিসেবে পরিচিত ইটভাটা পাড়ার দখল এবং চাঁদাবাজির একক নিয়ন্ত্রণ নিতে দু’পক্ষ এ সংঘর্ষে জড়ায়। রাঙ্গুনিয়ার ব্রিকফিল্ড পাড়া হিসেবেখ্যাত রইশ্যাবিলী ও এর আশপাশের এলাকায় শতাধিক ইটভাটা রয়েছে। যেখান থেকে পাহাড়ের সশস্ত্র গ্রুপগুলো বিপুল অংকের টাকা চাঁদাবাজি করে থাকে। শীত মৌসুমটাই মূলত চাঁদাবাজির মোক্ষম সময় হওয়ায় এলাকায় আধিপত্য বিস্তারকে ঘিরে প্রায়শই তারা সংঘর্ষে লিপ্ত হয়।
এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ওসি এপিএম সিফাতুল মাসদার পার্বত্যনিউজের এ প্রতিনিধিকে ফোনে জানান, তিনি একটি জরুরি কাজে চট্টগ্রামে রয়েছেন। সংঘর্ষ কিংবা একজন নিহত হওয়ার বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য তার কাছে পৌঁছেনি।
















