কাউখালীতে তিন ইটভাটা সম্পূর্ণ বন্ধ, ৬ লাখ টাকা জরিমানা


উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইটভাটা পরিচালনা করায় কাউখালীর কলমপতি ও বেতবুনিয়ার তিন ইটভাটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি এসব ভাটা সমূহকে ৬ লাখ টাকা জরিমানা এবং দশ লক্ষাধিক কাঁচা ইট ফায়ার সার্ভিসের মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
১৩ ডিসেম্বর শনিবার দুপুর ১২টায় এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। ইটভাটাগুলোর মধ্যে রয়েছে-
বেতবুনিয়া ইউনিয়নের ডাকবাংলো এলাকার মেসার্স এএমবি ব্রিকস, আদর্শগ্রাম এলাকার মেসার্স এটিএম ব্রিকস ও তারাবনিয়া কুলাবেচা এলাকার মেসার্স এমএনসি ব্রিকস।
এছাড়া ২টি ভাটার চুল্লীর বেজমেন্টের দেয়াল ভেঙে দেয়া হয়েছে। একইসাথে অবৈধ ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ অফিসের মাধ্যমে মিটার ও সংযোগ তার জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে ৪ হাজার ৫২৭ ঘনফুট কাঠ জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য রেঞ্জ অফিসার, খাসখালী রেঞ্জ এর জিম্মায় দেয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর, পরিবেশ অধিদপ্তর রাঙ্গামাটির সহকারী পরিচালক মো. মমিনুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর রাবার বাগান ক্যাম্পের একটি দল, কাউখালী থানা পুলিশ, বিদ্যুৎ অফিস, খাসখালী রেঞ্জ এবং বিট কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কাউখালীর সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ইতোপূর্বে এই ৩টি ইটভাটায় জরিমানা এবং ফায়ার সার্ভিস’র মাধ্যমে পানি দিয়ে ভিজিয়ে সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছিল। একইসাথে ভাটাগুলোর মালিকদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর রাঙ্গামাটি এর দায়েরকৃত নিয়মিত মামলাও চলমান রয়েছে।

















