কাপ্তাইয়ের শিলছড়ি মাহাজন পাড়ার ৬৯ পরিবার ভুগছে বিশুদ্ধ পানির সংকটে


রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নম্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শিলছড়ি মাহাজন পাড়ায় ৬৯ পরিবার বিশুদ্ধ পানির সংকটে ভুগছে। উক্ত পাড়ার উপজাতি সম্প্রদায়ের লোকজন দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছে। উক্ত এলাকার পানির প্রধান উৎস হলো পাহাড়ি ঝরনা ও ছড়ার পানি।
শুষ্ক মৌসুমে পানির উৎস শুকিয়ে যাওয়ার ফলে এলাকার লোকজন পানির সংকটে ভুগছে। দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির কোনো স্থায়ী উৎস না থাকায় ৬৯টি পরিবার মানবেতর জীবনযাপন করছে।
ব্যবহার ও পান করার উপযোগী নিরাপদ পানির ব্যবস্থা না থাকায় প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছেন পাড়াবাসী। ফলে দূর-দূরান্ত থেকে পানি আনতে বাধ্য হচ্ছেন নারী ও শিশুরা। এতে তাদের সময় ও শ্রম দুটোই ব্যাপকভাবে ব্যয় হচ্ছে। অনেক সময় প্রয়োজনের তাগিদে অস্বাস্থ্যকর পানি ব্যবহার করার ফলে বাড়ছে পানিবাহিত রোগের ঝুঁকি।
ফাইমং কার্বারী জানান, প্রায় ২/৩ কিঃমিঃ দূর থেকে পানি সংগ্রহ করতে হয়। গাছ না থাকার ফলে পানির সংকট তীব্র আকার ধারণ করছে। আমরা এর একটি সমাধান চাই, বলে জানান তিনি।
শুধু পানির সংকটই নয়, পাড়াটিতে নেই চলাচলের উপযোগী কোনো পাকা রাস্তা বা কালভার্টের ব্যবস্থা। মেঠোপথ বর্ষা মৌসুমে কাদা ও পানিতে তলিয়ে যায়। ফলে শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের যাতায়াতে নেমে আসে চরম দুর্ভোগ।
সম্প্রতি সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, স্থানীয় নেতৃবৃন্দ জাফর আহমদ স্বপন, আনোয়ার হোসেন, ডালিম ও মফিজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পাড়াটি পরিদর্শন করেন এবং বাসিন্দাদের দুর্ভোগের চিত্র সরেজমিনে দেখেন। তারা সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন বলে জানা গেছে।
এলাকাবাসী দ্রুত বিশুদ্ধ পানির স্থায়ী ব্যবস্থা, একটি টেকসই নলকূপ স্থাপন, পাকা রাস্তা নির্মাণ এবং একটি কালভার্ট নির্মাণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

















