কাপ্তাইয়ে চাঞ্চল্যকর খলিল হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার


রাঙামাটির কাপ্তাইয়ে আলোচিত গলাকেটে খলিল হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৬ জুন) খলিল হত্যা মামলার আসামিকে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
কাপ্তাই থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে আসামি মো. শাকিল হোসেন প্রকাশ শিপনকে চন্দ্রঘোনা ইউনিয়ন কেপিএম এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।
কাপ্তাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম (ওসি) জানান, এসআই দীপংকর কুমার শীল, এএসআই রামধন চন্দ্রদাসসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে আসামিকে গ্রেফতার করা হয়।
এজাহার সূত্রে জানা যায় ২০১৮ সালের ২০ এপ্রিল সন্ধা ৭টার দিকে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন রেশম বাগান কাপ্তাই সড়কের পাশে হত্যা করা হয় ইব্রাহিম খলিল নামের এক ব্যক্তিকে। এই ঘটনায় ২০১৮ সালের ২১ এপ্রিল ভিকটিম খলিলের ভাই কাপ্তাই থানায় হত্যা মামলা দায়ের করেন। যেখানে আসামি শাকিলসহ আরো দুই-তিন জনের নাম উল্লেখ করা হয়। তারই প্রেক্ষিতে দীর্ঘ সময় পলাতক থাকার পর আসামি শাকিলকে গ্রেফতার করতে সক্ষম হয় কাপ্তাই থানা পুলিশ।
















