কাপ্তাইয়ে পোস্টাল ভোট প্রদান বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পোস্টাল ভোট অ্যাপের মাধ্যমে ভোট প্রদান সংক্রান্ত অবহিতকরণ সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী”-তে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
সভায় কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পাড়িয়াল প্রজেক্টরের মাধ্যমে দেশে অবস্থানরত ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে একটি ভিডিও উপস্থাপন করেন। এ সময় উপস্থিত সকল দপ্তর প্রধানদের অ্যাপের মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয় এবং তাঁদের অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদেরও একইভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ এর সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, পোস্টাল ভোট অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী ২৫ ডিসেম্বর। নির্ধারিত সময়ের মধ্যেই সবাইকে নিজ উদ্যোগে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানান তিনি। পাশাপাশি রেজিস্ট্রেশনের সময় ব্যালট পাঠানোর ঠিকানা সঠিকভাবে উল্লেখ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।
















