রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়ন ৯নং ওয়ার্ডে শিলছড়ি বাজারে সেলুন দোকান ভাঙচুর ও মারামারির ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১ মে) সকাল ১১টায় কাপ্তাই থানার এসআই আল-আমিন ও এএসআই লিটন মিয়া সঙ্গীয়ও ফোর্সসহ আসামি আব্দুল শুকুর (৪০) এবং আলমগীরকে (৪০) শিলছড়ি ভেলুয়া পাড়া বাসা হতে গ্রেপ্তার করা হয়।
কাপ্তাই থানায় দায়েরকৃত মামলার এজহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে শিলছড়ি বাজার হতে স্থানীয় রফিকুল ইসলাম বাসায় যাচ্ছিল। পূর্ব শত্রুতার জের ধরে এসময় আব্দুল শুক্কুর ও আলমগীর লাঠি সোঠা নিয়ে রফিকরে উপর হামলা করে। রফিক আত্মরক্ষার ভয়ে সেলুন দোকানদার তরুণ মজুমদার প্রকাশ রিপনের দোকানে আশ্রয় নেয়। দোকানে রফিক আশ্রয় নেয়ায় আব্দুল শুক্কুর ও আলমগীর সেলুন দোকানে ব্যাপক ভাঙচুর চালায় এবং দোকানে থাকা টাকা ও দামী চুল কাটার মেশিন চুরি করে নিয়ে যায়।
দ্বিতীয় দফায় মারামারির ঘটনায় সংগঠিত হওয়ায় সেলুন দোকানদার রিপন শিল (৫০), মারামারি থামাতে গিয়ে পার্শ্ববর্তী দোকানের ব্যবসায়ী খোকন দাশ (৫৫), রফিকুল ইসলাম (৩৫) ও আসামি আ. শুক্কুর (৪০) আহত হয়। এ ঘটনায় সেলুন দোকানদার তরুণ মজুমদার শুক্রবার (১০ মে) বাদী হয়ে কাপ্তাই থানায় একটি মামলা দায়ের করে। তারই প্রেক্ষিতে কাপ্তাই থানার ওসির নির্দেশনায় থানার পুলিশ সদস্যরা আসামীদের শিলছড়ি ভেলুয়া পাড়া বাসা হতে গ্রেফতার করে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম (ওসি) জানান, এই ঘটনায় জড়িত দুই আসামিকে পুলিশ গ্রেফতার করেছে এবং তাদের শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, স্থানীয় লোকজনরা জানান, আসামিরা বিভিন্ন অপরাধের দায়ে দীর্ঘদিন যাবত এলাকা ছাড়া ছিলো। তারা আবার এলাকায় এসে মাদক সেবন করে একের পর এক মারামারিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে।
